সংগৃহীত
কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির উঠানে মা-বাবার করা গর্তের পানিতে পড়ে হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পূর্ণমতি গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শিশুটির চাচা সাখাওয়াত হোসেন জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেন। নিহত হাসান ওই গ্রামের মিয়ার বাড়ির বাহরাইনপ্রবাসী লিটন মিয়ার একমাত্র ছেলে।স্থানীয়রা জানান, নিহত হাসানের মা-বাবা কয়েক মাস আগে বাড়ির পাশের উঠান থেকে মাটি কেটে ঘরের ভিটে উঁচু করে। এতে সেখানে একটি বড় গর্তের সৃষ্টি হয়। পরে বৃষ্টির পানিতে গর্তটি ভরে ছোট পুকুরের মতো হয়ে যায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হাসান ওই গর্তের পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিভর্তি গর্তে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, গর্তে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি রাতে শুনেছি। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।
জৈন্তাবার্তা/ সুলতানা




