একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট সিলেটে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি রওনা হন হযরত শাহ জালাল (র.) এর মাজার অভিমুখে। মাজার জিয়ারতের পর বেলা ১১টার দিকে নগরীর চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ যোগ দিয়েছেন সরকারপ্রধান। এরপর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে অবস্থিত বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এরপর প্রধানমন্ত্রী সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন। জেলা পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এটি একটি নতুন কর্মসূচি, যা বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় বক্তব্য দেবেন।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন। খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।”
সর্বশেষ ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে আজই প্রথম সিলেট সফর করছেন তিনি।
জৈন্তা বার্তা/আরআর




