সিলেটে পৌঁছেই শনিবার (২ মে) সকালে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন। এ সময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
এর আগে শনিবার সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সিলেট সফর। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
সফরসূচি অনুযায়ী শনিবার দিনব্যাপী সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন শেষে নগরভবনের সামনে সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। পরে দুপুর ১২টায় বহু প্রতীক্ষিত সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন তারেক রহমান।
সিলেট সার্কিট হাউসে মধ্যহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন।
শনিবার সন্ধ্যা ৭টায় বিমানযোগে তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




