সিলেটে জলাবদ্ধতা নিরসনের আশা প্রধানমন্ত্রীর
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৭ PM

সিলেটে জলাবদ্ধতা নিরসনের আশা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ১২:৩৪:৫০ PM

সিলেটে জলাবদ্ধতা নিরসনের আশা প্রধানমন্ত্রীর


সিলেট মহানগরীর সুরমা নদীর তীরে চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়ন হলে সিলেট মহানগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (২ মে) সকাল পৌনে ১১টার দিকে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সিলেট বিএনপির নেতৃবৃন্দ।

এর আগে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও জেলা প্রশাসক সারওয়ার আলমসহ অন্যান্যরা।

এরপর প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন।

সফরসূচি অনুযায়ী দুপুর ১২টায় বহু প্রতীক্ষিত সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করবেন তারেক রহমান।

এরপর সিলেট সার্কিট হাউসে মধ্যহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি।

শনিবার সন্ধ্যা ৭টায় বিমানযোগে তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। 

জৈন্তা বার্তা/আরআর