ছবি:সংগৃহীত
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের শীর্ষ ও জেলা পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। এতে সিলেট রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত আদেশে মোট ৩৯ জন পুলিশ কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জের বর্তমান ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে, ড. জিল্লুর রহমানের স্থলে আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মোহা. ফয়েজুল কবিরকে। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে এবং ডিআইজি মো. আশিক সাঈদকে বিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও পরিবর্তন আনা হয়েছে। সিআইডির কর্মকর্তা মো. আবুল বাশার তালুকদারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি সানা শামীনুর রহমানকে সিআইডিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা পর্যায়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলামকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে এবং তাঁর স্থলে এপিবিএন-২ এর এসপি মো. মিজানুর রহমানকে নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জয়পুরহাটের নতুন এসপি হয়েছেন রেলওয়ে পুলিশের কর্মকর্তা শাহনাজ বেগম।
পাবনার এসপি মো. আনোয়ার জাহিদকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে মো. মফিজ উদ্দিন পাবনার নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি ও ফেনী জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এ রদবদলের আওতায় ডিএমপি ও কেএমপির উপ-পুলিশ কমিশনার এবং এসবির বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও অন্তর্ভুক্ত রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




