সংগৃহিত
গোলাপগঞ্জে নৌকা বাইচ বন্ধের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভের পরও প্রশাসন ও আয়োজক কমিটির উদ্যোগে কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
এর আগে নৌকা বাইচ বন্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচি থেকে জোরালো দাবি জানানো হয়। তবে গ্রামবাংলার চিরায়ত এই সংস্কৃতি রক্ষায় অনড় ছিল প্রশাসন ও আয়োজক কমিটি। এরই ধারাবাহিকতায় শনিবার উৎসবমুখর পরিবেশে কুশিয়ারা নদীতে মোট ছয়টি নৌকার অংশগ্রহণে শুরু হয় নৌকা বাইচ।
কুশিয়ারা নদীর ঢেউয়ে বৈঠার তালে তালে প্রতিযোগীদের এগিয়ে যাওয়ার দৃশ্য উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। নদীর দুই পাড়ে জড়ো হওয়া বিপুলসংখ্যক মানুষ উপভোগ করেন ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, ‘নৌকা বাইচ বাঙালির হাজার বছরের ঐতিহ্যের অংশ। নিজস্ব সংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাঙালি সংস্কৃতি বাধাগ্রস্ত হলে অপসংস্কৃতি সমাজকে গ্রাস করবে। তাই উৎসবমুখর পরিবেশ বজায় রেখে এই প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করা হয়েছে।’
উল্লেখ্য, এর আগে বিয়ানীবাজারের সুনাই নদীতেও একই ধরনের প্রতিবাদের মুখে প্রশাসনের দৃঢ়তায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জে নৌকা বাইচ আয়োজনের মধ্য দিয়ে সিলেটের গ্রামীণ জনপদে উৎসবের আমেজ সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




