সংগৃহিত
ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবে সাতটি হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির দাবি, দেশটির বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি ছিল এসব হামলার লক্ষ্যবস্তু।
হুতিদের এক বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর স্থাপনা, রাবিগ তেল শোধনাগার এবং পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও পাম্পিং স্টেশন। এ ছাড়া দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে গোষ্ঠীটি।
পাইপলাইন ও পাম্পিং স্টেশন লক্ষ্য করে চালানো অভিযান সফল হয়েছে বলেও দাবি করেছে হুতিরা।
এদিকে সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় সিভিল ডিফেন্সের দল কাজ করেছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর কিছু ধ্বংসাবশেষ মক্কার ওয়াদি আল মুগাম্মাস এলাকায় পড়ে। এ ছাড়া জেদ্দার আল নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের মাস্তুরাহ সেন্টার এলাকায়ও ধ্বংসাবশেষের খণ্ড পড়ে।
তবে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুতি গোষ্ঠী। তাদের দাবি, সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করেই অভিযান পরিচালনা করা হয়েছে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




