সংগৃহিত
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের প্রায় সাড়ে তিন বছর পর মহব্বত আলী (৩৯) নামে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—রামনগর গ্রামের শাহ আলম (৪২), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৪), জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মহব্বত আলী একই গ্রামের রুসমত আলীর ছেলে। পেশায় কৃষক হলেও তিনি স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন। এ কারণে এলাকায় তিনি বাহিনীর সোর্স হিসেবে পরিচিত ছিলেন।
২০২৩ সালের ৩০ জুলাই হঠাৎ নিখোঁজ হন মহব্বত আলী। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তাঁর বাবা রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেন। তবে দীর্ঘদিনেও তাঁর নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি।
পরে দীর্ঘ অনুসন্ধান, তদন্ত ও প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামনগর গ্রামের একটি বাড়ির সেফটিক ট্যাংকে অভিযান চালিয়ে মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করা হয়।
এদিকে, দীর্ঘ সাড়ে তিন বছর পর নিখোঁজ মহব্বত আলীর কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দীর্ঘ তদন্তের পর এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেফটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




