সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৯৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত। জৈন্তিয়া ডিগ্রি কলেজ ও জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জৈন্তিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫৪৫ জন এবং জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জৈন্তিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে কেন্দ্রপ্রধানের দায়িত্ব পালন করেন মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আলমগীর হোসেন। অপরদিকে জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্রপ্রধানের দায়িত্ব পালন করেন নিজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শরিফ আহমদ।
পরীক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম জৈন্তাপুর উপজেলা শাখার চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও ভাইস চেয়ারম্যান মহি উদ্দিন।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিলেট জেলা পূর্ব কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদার, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ফাতেহুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সাবেক উপজেলা সভাপতি আব্দুল খালিক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহসভাপতি আব্দুল হালিম এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে প্রতিবছরের ধারাবাহিকতায় এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
জৈন্তাবার্তা/ সুলতানা




