সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে তালা ভেঙে একটি ট্রেইলার্স চুরি, লুটপাট ও পোল্টি ফার্মে অগ্নিসংযোগের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ৩ জুলাই সংঘটিত এই ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা নম্বর- ০৪ রুজু করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে সৈয়দপুর গ্রামের রাজিয়া ট্রেইলার্স ও রাজিয়া পোল্টি ফার্মের দোকানে এই ঘটনা ঘটে। বাদী ও প্রতিষ্ঠানের ম্যানেজার সৈয়দ আতাহার আলী অভিযোগে উল্লেখ করেন, ঘটনার সময় দোকানের মালিক সৈয়দা রাজিয়া বেগম লন্ডনে এবং তিনি নিজে নেপালে অবস্থান করছিলেন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা সুকৌশলে রাজিয়া ট্রেইলার্সের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান কাপড়চোপড়,শার্ট, কোট ও প্যান্টসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া রাজিয়া পোল্টি ফার্মে প্রবেশ করার উদ্দেশ্যে তারা কেরোসিন ও দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়, যার ফলে ফার্মের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। স্থানীয় সাক্ষীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বাদী দেশে ফিরে এসে থানায় এই এজাহার দায়ের করেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন ইনাতনগর গ্রামের মৃত আনু মিয়া চৌধুরীর পুত্র দেলোয়ার হোসেন চৌধুরী ও সানোয়ার চৌধুরী, আবু তাহের চৌধুরীর পুত্র সিয়ন চৌধুরী, শাহজাহান চৌধুরীর পুত্র সাকিম মিয়া চৌধুরী , সিজিল মিয়া চৌধুরীর পুত্র মাসুক মিয়া চৌধুরী।জগন্নাথপুর থানার এস আই বাকী বিল্লাহ জানান, দণ্ডবিধির ৩৮০/৪৩৬/৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
জৈন্তাবার্তা/সুলতানা




