ছবি:সংগৃহীত
সিলেটে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা।ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাস ও কাউন্টার। দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার পর সিলেট নগরের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে জকিগঞ্জ-জাফলং রুট এবং মিতালি পরিবহন, হবিগঞ্জ এক্সপ্রেস ও জগন্নাথপুর রুটের শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সূত্র জানায়, সুনামগঞ্জের জগন্নাথপুর রুটে চলাচলকারী পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতা মারা যাওয়ার পর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে স্থান না পাওয়া মোহাম্মদ শাহজাহানের পক্ষের শ্রমিকরা জোরপূর্বক কার্যালয় দখলের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে জকিগঞ্জ রুটের শ্রমিকরা জগন্নাথপুর রুটের কয়েকজন শ্রমিককে মারধর করে। এক পর্যায়ে অন্য রুটের শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ব্যক্তিগত বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। পরে তা বিভিন্ন রুটের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। চতুর্দিক থেকে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিল না। পরে সেনবাহিনীকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল ইসলাম জানান, শ্রমিক সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




