সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৩২ জন প্রান্তিক কৃষকের মাঝে মোট ৩৩ লাখ ৬০ হাজার টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক ও উপজেলার তফসিলি ব্যাংকগুলোর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সুষম সার ব্যবহার এবং সেচ ব্যবস্থার সম্প্রসারণে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি আরও জানান, কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকির মাধ্যমে ট্রাক্টর, হারভেস্টার ও রিপারসহ বিভিন্ন যন্ত্রপাতি সহজলভ্য করা হচ্ছে। পাশাপাশি ‘ক্রপ জোনিং’ পদ্ধতি চালুর মাধ্যমে অঞ্চলভিত্তিক উপযোগী ফসল উৎপাদন নিশ্চিত করা হচ্ছে, যা উৎপাদন বৃদ্ধি ও জমির সঠিক ব্যবহারে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। অগ্রণী ব্যাংক (পিএলসি) জাফলং শাখার ব্যবস্থাপক সুধাংশু শেখর দত্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
স্বাগত বক্তব্য দেন সালুটিকর অগ্রণী ব্যাংক পিএলসি’র এসপিও ব্যবস্থাপক দেবাশীষ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক (পিএলসি)’র উপ-মহাপরিচালক মোহাম্মদ মাঈনউদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুর রহমান এবং প্রাণিসম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন।
সভায় উপজেলার সকল তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষকদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




