ছবি:সংগৃহীত
সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সাইফুর রহমান আলিম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ ইউনিয়নের বির্তনীয়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুর রহমান আলিম বালাগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের ওয়াব মিয়ার ছেলে ওয়ছে আহমদ (২১) ও আনছার মিয়ার ছেলে রাফি আহমদ (২০)। তাঁরা নগরের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তিন বন্ধু পরিচিত এক ব্যক্তির বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আহত ওয়ছে আহমদ ভোর ৪টার দিকে ঘটনাস্থলের পাশের একটি বাড়িতে গিয়ে বিষয়টি জানান। পরে ওই বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে সাইফুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা সাইফুরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে পরে নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সাইফুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সাইফুরের স্বজনেরা জানান, তিনি ভালো ফুটবল খেলতেন এবং পড়াশোনায়ও মেধাবী ছিলেন। তাঁর বড় ভাই যুক্তরাজ্যে থাকেন। সাইফুরেরও ইউরোপে যাওয়ার প্রক্রিয়া চলছিল। তবে বিদেশে যাওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




