ছবি:সংগৃহীত
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই দর্শন সামনে রেখে এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের দিকনির্দেশনায় পরিকল্পিত ও আধুনিক সিলেট নগরী গড়ে তুলতে তাঁরা বদ্ধপরিকর।
সোমবার (১২ অক্টোবর) সিলেট নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের বাহুবল এলাকায় নির্মাণাধীন ড্রেন, কালভার্ট ও সড়কের উন্নয়নকাজের অগ্রগতি এবং গুণগত মান পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে ইমদাদ হোসেন চৌধুরী সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে তা সম্পন্ন করার তাগিদ দেন তিনি।
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, নগরীর প্রতিটি নাগরিকের দৈনন্দিন দুর্ভোগ কমাতে টেকসই অবকাঠামো নির্মাণ করা প্রয়োজন। জলাবদ্ধতা নিরসন ও উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে ৩৪ নম্বর ওয়ার্ডের বাহুবল এলাকায় উন্নয়নকাজ চলছে। এসব কাজে গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হবে না।
ইমদাদ হোসেন চৌধুরী বলেন, উন্নয়নকাজে স্বচ্ছতা, জবাবদিহি ও স্থায়িত্ব নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে সাধারণ মানুষকেও সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।
উন্নয়নকাজ পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুমিন, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছালেক আহমদ ও সাধারণ সম্পাদক মো. মাসুদ আলী মাছুম, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম আহমদ, মীর মুক্তার আলী শুভ, মীর কয়েছ আহমেদ, কাওসার আহমদ, ফজলু মিয়াসহ বাহুবল এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবীণ ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




