ছবি:সংগৃহীত
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেটের শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। তবে ফ্যাসিস্ট আমলে এ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির নেতৃত্বে সবাই মিলে সিলেটের শিক্ষার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। তিনি দায়িত্ব গ্রহণের পর কলেজের সার্বিক উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) হলরুমে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষকরা কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও সার্বিক পরিস্থিতি সিউক চেয়ারম্যানের কাছে তুলে ধরেন।
শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়ায় সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কলেজের শিক্ষকরা।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আবু নাসের মজুমদার, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের বিভাগীয় প্রধান সিব্বির আহমেদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান সালাউদ্দিন আহমেদ এবং নন-টেকনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মো. খলিলুর রহমান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




