ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে রাংপানি নদীতে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৭৩টি বার্কি নৌকা ধ্বংস করা হয়। এসব নৌকার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা।
এ ছাড়া রাংপানি নদীর আদর্শগ্রাম ঘাট ও শ্রীপুর পাথর কোয়ারিতে অবৈধভাবে মজুত করা ৮ হাজার ৪৮৬ ঘনফুট বালু স্পট নিলামে ১ লাখ ৪২ হাজার ১০৮ টাকায় বিক্রি করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ, আনসার এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীপুর ও মিনাটিলা বিওপির সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, রাংপানি নদীর আদর্শগ্রাম ঘাটে মজুত করা ১ হাজার ৫২০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কোয়ারিতে মজুত করা ৬ হাজার ৯৬৬ ঘনফুট বালু নিলামে বিক্রি করা হয়। সব মিলিয়ে ৮ হাজার ৪৮৬ ঘনফুট বালুর বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ৪২ হাজার ১০৮ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট বাবদ ২১ হাজার ৩১৬ টাকা এবং ১০ শতাংশ আয়কর বাবদ ১৪ হাজার ২১০ টাকা আদায় করা হয়। সব মিলিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৩৪ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এদিকে, রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সব কার্যক্রম ও সরঞ্জাম আগামী এক দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আগামী শনিবার বিকেল ৪টায় একটি সভা আহ্বান করা হয়েছে।
সভায় পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বার্কি শ্রমিক ও পরিবহন শ্রমিকদের অংশগ্রহণের কথা রয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, রাংপানি নদী ও শ্রীপুর পাথর কোয়ারিতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকা এবং নদীর তীর ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা কামনা করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




