ছবি:সংগৃহীত
সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দলীয় সভাকে সফল করতে জোর প্রস্তুতি শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নগরের মেন্দিভাগ এলাকার একটি মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আসন্ন দলীয় কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও রূপরেখা চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী। তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণে নিবেদিত থাকা। একটি সফল ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দলীয় শক্তি প্রদর্শনের পাশাপাশি জনসেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জনই বিএনপির প্রধান লক্ষ্য।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপিকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে মানুষ দলটিকে তাদের বিপদ-আপদে পাশে পাওয়া যায়।
প্রস্তুতি সভা যৌথভাবে সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভায় বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনা, যুব উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে সেবা নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে দলকে আরও মানবিক ও আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন দলীয় সভা সফল হবে এবং এটি সিলেটের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
প্রস্তুতি সভায় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




