ছবি:সংগৃহীত
সিলেট কালেক্টরেট মসজিদ মার্কেটের দোকান কোঠা সংক্রান্ত হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ অমান্যের অভিযোগে জেলা প্রশাসক (ডিসি)সহ তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২৭ এপ্রিল) কনটেমপ্ট পিটিশন (নং-১১০/২০২৬) এর শুনানি শেষে হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ-বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান-এই রুল জারি করেন।
রুলে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সৈয়দা পারভীন এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কিশোর কুমার পালের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। গত ১২ মার্চ ২০২৬ তারিখে দেওয়া হাইকোর্টের আদেশ অমান্যের অভিযোগে এই রুল জারি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, সিলেট কালেক্টরেট মসজিদের দোকান কোঠার চুক্তি বাতিলের নোটিশ চ্যালেঞ্জ করে দোকান মালিকরা রিট পিটিশন (নং-৩৫২৯/২০২৬) দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে ১২ মার্চ বিচারপতি খিজির আহমদ চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের বেঞ্চ দুই মাসের জন্য দোকানের পজিশন ও পজেশন সংক্রান্ত বিষয়ে স্থিতাবস্থার আদেশ দেন।
আবেদনকারীদের অভিযোগ, আদালতের ওই আদেশ বহাল থাকা সত্ত্বেও গত ২৬ মার্চ রাতে প্রশাসনের উদ্যোগে দোকানগুলো তালাবদ্ধ ও সিলগালা করা হয়, যা আদালত অবমাননার শামিল। এ ঘটনায় ১ এপ্রিল আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো প্রতিকার না পাওয়ায় ভুক্তভোগীরা আদালত অবমাননার মামলা দায়ের করেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিম কাফি। অপরদিকে আবেদনকারীদের প্রতিনিধি মো. ইনামুল কবির চৌধুরী জানান, তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ এবং দোকানের দখল পুনরায় মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




